পবিত্র ঈদে মিলাদুন্নবী- ১২ই রবিউল আউয়াল আগামী ৬ সেপ্টেম্বর শনিবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী তথা ১২ই রবিউল আউয়াল আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পালিত হবে।
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৫ আগস্ট সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার আরবি বসন্ত মাসের ১২ই রবিউল আউয়াল তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আজ রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৭ হিজরি ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৪ আগস্ট ২০২৫ খ্রি. রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায় আগামীকাল ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৫ আগস্ট ২০২৫ খ্রি. পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ আগস্ট ২০২৫ খ্রি. থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

























Leave a Reply