কুষ্টিয়ায় লালন তিরোধান দিবসের তিন দিনের উৎসব শেষ হলো, সাধু ভক্তরা ফিরছেন নিজ নিজ গন্তব্যে
নূর মোহাম্মদ রবিউল।। কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়ায় (কুমারখালী উপজেলায়) বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসব শেষ হয়েছে। সাধু ভক্তরা ফিরছেন নিজ নিজ গন্তব্য স্থানে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি আয়োজনে লালন আখড়ায় উৎসবের শেষ দিন সোমবার (১৯ অক্টোবর,২০২৬) বিকেলে আলোচনা সভা ও লালনসংগীতের আয়োজন করা হয়। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।
শেষ দিনের অনুষ্ঠানেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লালনভক্ত, সাধু-ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন। তবে বিকেলে আলোচনা সভা চলাকালে দূরদূরান্ত থেকে আসা অনেক ভক্তকে বাড়ির উদ্দেশে ফিরে যেতে দেখা যায়।
শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। মূল আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খালেদ উজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। এসময় বক্তারা বলেন, লালন সাঁইজির দর্শন মানুষে মানুষে বিভেদ দূর করার শিক্ষা দেয়। এখানে সকলস্তরের মানুষ মানুষের ভালবাসার বন্ধনের ঐক্যে মিলিত হয়।
অলোচনা শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় সংগীতানুষ্ঠান। শেষ দিনেও লালন একাডেমির শিল্পীদের সংগীত ও দলগত সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।
























