কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের দ্বিতীয় দিনে বক্তাগণ বলেন: ‘মানব প্রেম, ভালোবাসা ও সাম্যবাদ ছিল লালন দর্শনের মূল কথা’

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ অক্টোবর ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের দ্বিতীয় দিনে বক্তাগণ বলেন: ‘মানব প্রেম, ভালোবাসা ও সাম্যবাদ ছিল লালন দর্শনের মূল কথা’

নূর মোহাম্মদ রবিউল।। ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও (রবিবার, ১৮ অক্টোবর) কুষ্টিয়ার শহর সংলগ্ন ছেঁউড়িয়ায় (কুমারখালী উপজেলায়) সমবেত হয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ লালন ভক্ত-প্রেমী, বাউল ও সাধকগণ। এ ছাড়া দেশী-বিদেশী পর্যটকসহ নেমেছে জনতার ঢল। বাউলগণের বিভিন্ন জায়গায় দলগত গান, গুরু ভক্তি ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে পালন করছেন তাদের আচার অনুষ্ঠান।

এদিকে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে সন্ধ্যা ছয়টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহার। মূখ্য আলোচক ছিলেন প্রবন্ধিক ড. শেখ খালিদ হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি ৪৭, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার।

এ-সময় বক্তারা বলেন, লালন ফকির ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। এ ছাড়া লালন ফকির ছিলেন একজন সমাজ সংস্কারক। তাঁর গানের কথা ও সুরে সুরে তিনি মানুষে মানুষে ভালোবাসা ও মানবতার জয়গান গেয়ে গেছেন। লালন ফকির জীবদ্দশায় সত্যের অনুসন্ধান করে গেছেন। মানব প্রেম, ভালোবাসা ও সাম্যবাদ ছিল লালন দর্শনের মূল কথা। লালনের মতে, দেহকে জানা মানেই আত্মাকে জানা। আর আত্নাকে জানার মাধ্যমেই পরম সত্যকে উপলদ্ধি করা সম্ভব বলে বক্তাগন উল্লেখ করেন। এবারের অনুষ্ঠানে আলোচনার মূল প্রতিপাদ্য ছিল “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। অলোচনা শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় সংগীতানুষ্ঠান। লালন একাডেমির শিল্পীদের সংগীত ও দলগত সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।