আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় এনসিপি দলের জুলাই পদযাত্রা শুরু
আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শুরু হয়। মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ।
আবরার ফাহাদের কবর জিয়ারত ও দলীয় কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাইফুল্লাহ হায়দার, আসাদল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কুষ্টিয়া জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আবরার থেকে আবু সাঈদ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেই সব শহীদ ও নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করি।’
আবরার ফাহাদের দেখানো পথেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে সকালে কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দলের নেতারা কথা বলেন। অতঃপর এনসিপি নেতাদের গাড়িবহর কুষ্টিয়া শহর থেকে শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি রায়ডাঙ্গা পৌঁছায়। সেখানে কবর জিয়ারত শেষে আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের নেতারা। এরপর দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করেন তাঁরা।

























Leave a Reply