আল-আকসা মসজিদ ধ্বংসের দাবিটি ভুয়া, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি
মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। এই মসজিদটির সাথে জড়িয়ে আছে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় আবেগ। সম্প্রতি জেরুজালেমের আল আকসা মসজিদ হামলায় ধ্বংস হয়ে গেছে দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কিন্তু মসজিদুল আল আকসা চত্বরের ডোম অফ দ্য রকের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনের এই মসজিদটি অক্ষত রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশি এক ইসলামি বক্তা। গত মঙ্গলবার গাজী তামিম বিল্লাহ আল কাদরী নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওতে বলা হয়, মসজিদুল আল আকসা অক্ষত রয়েছে এবং মসজিদ এলাকায় কোনো যুদ্ধ চলছে না। তিন মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, মসজিদুল আল আকসা চত্বরের ডোম অফ দ্য রকের সামনে দাঁড়িয়ে মসজিদটি অক্ষত থাকার বিষয়ে তিনি কথা বলেন।
ভিডিওতে তিনি বলেন, ‘বাংলাদেশের ফেসবুকে একটি মিথ্যা প্রচারণা চলছে যে, এই স্থানটি নাকি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এটা পুরো অক্ষত অবস্থায় রয়েছে। আমি বলব, যারা বাংলাদেশের ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন, তারা দ্রুত সেসব বন্ধ করেন আর এখানে যুদ্ধের কোনো বালাই নেই। মানুষ স্বাভাবিকভাবেই মসজিদে নামাজ পড়ছে।’
এদিকে বাংলাদেশি ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আল-আকসা মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, আল-আকসা মসজিদের কোনো ক্ষতি হয়নি। আল-আকসার পাশে অবস্থিত সোনালি গম্বুজবিশিষ্ট ‘ডোম অব দ্য রক’-এর আদলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবিকে কেন্দ্র করে ইসরায়েলি হামলায় আল-আকসা ধ্বংসের গুজব ছড়িয়ে পড়েছে। এই ছবিটির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ সময় গত ৪ এপ্রিল ভোর ৫টা ২০ মিনিটে ইংরেজিতে ‘রোজি’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।
আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি—এটি নিশ্চিত হওয়ার পর আল-আকসার বর্তমান পরিস্থিতি জানতে ফিলিস্তিনের স্থানীয় ফ্যাক্টচেকারদের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তারা নিশ্চিত করেছেন, আল-আকসা মসজিদে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

























Leave a Reply