রমজানের কারণে কুষ্টিয়ায় দোল উৎসবে লালন মাজারে হচ্ছেনা মেলা, থাকছে সীমিত পরিসরে কিছু আয়োজন
রমজানের কারণে কুষ্টিয়ায় শহর সংলগ্ন ছেঁউড়িয়ায় লালন সাঁইজীর আখড়াবাড়িতে আজ দোল উৎসবে হচ্ছেনা মেলা ও মাঠে হবে না গানের আসর। থাকছে মাজারের ভেতরের সীমিত পরিসরে কিছু আয়োজন।
লালন সাঁইজীর তার জীবদ্দশায় দোল পূর্ণিমার তিথিতে ভক্ত ও অনুসারীদের নিয়ে স্মরণোৎসব পালন করতেন। প্রতি বছর দোল উৎসবে লালন মাজারের সামনে কালী নদীর ভরাটকৃত বিস্তৃর্ণ মাঠ জুড়ে বসে গ্রামীণ মেলা। সামনে লালন মঞ্চে চলে আলোচনা সভা ও গানের আসর। এবার নেই সে সব আয়োজন। থাকছে শুধু মাজারের ভেতরে সীমিত আয়োজন। লালন সাঁইজীর বাণিকে স্মরণ করে এবারও সব কিছু মেনে নিয়েছেন লালন ভক্ত অনুসারীরা। গুরুবাদী মতবাদের লালন অনুসারীদের এই সম্মিলনী হয়ে উঠে এক মহামিলন ক্ষেত্র।
গত বছরের চেয়ে এবার লালন ভক্ত-অনুসারিদের আখড়াবাড়িতে কম লক্ষ্য করা গেছে। দোল উৎসবের শুরুতে ভিন্ন-ভিন্ন আস্তানায় খুব সকালে সাঁইজীর দরবারে ভক্তি দিয়ে তারা চাল-জল নিয়ে স্নান সেরে বাল্য সেবা (সকালের নাস্তা) নেন। এরপর নিজ-নিজ আস্তানায় আসনে বসে আল্লা-আলেক ধ্বণী তুলে দিন ডেকে অধিবাস ঘোষনা করেন। এর আগে তারা আখড়া আঙিনায় প্রবেশের সময় আখড়াবাড়ির প্রধান ফটকে গুরুভক্তি দেওয়ার পাশাপাশি মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি অনুসারীরা ভক্তদের নিয়ে আসনে বসে লালন সাঁইজীর দৈণ্য গান দিয়ে আরাধনা শুরু করেন। এরপর একাধারে গানের পিঠে গান করে থাকেন ভক্তরা।
লালন একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান জানান, রমজানের কারণে এবার ১৩ মার্চ সন্ধার পরই সীমিত পরিসরে কিছু আয়োজন রয়েছে। তবে কোন মেলা এবং উন্মুক্ত মঞ্চে গানের আসর হবে না।
আজ ১৩ মার্চ বিকেল ৩টায় লালন অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজহার, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মিজানুর রহমান, লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। এর পরে সন্ধায় আগত বাউল ফকিরদের অধিবাস ও রাতে পুর্ণসেবা প্রদান করা হবে। পরদিন ১৪ মার্চ দুপুরে নিজ নিজ উদ্যোগে বাউল-ফকিররা পুর্ণসেবার আয়োজন করবেন।

























Leave a Reply