‘আবরার ফাহাদ তার আত্মত্যাগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার এক নতুন সূচনা করেছেন’
‘আবরার ফাহাদ তার আত্মত্যাগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার এক নতুন ধাপের সূচনা করেছেন। আবরার ফাহাদ শুধু একটা নাম নয় এটি আগ্রাসনবিরোধী লড়াইয়ের একটা জার্নি। যার ধারাবাহিকতায় এসেছে জুলাই গণ-অভ্যুত্থান। যাকে সামনে রেখে হাজারো ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে সফল হয়’। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধনের সময় একথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা বলেন, সারাদেশে বিভিন্ন সরকারি স্থাপনাগুলোকে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে নামকরণ করা হবে। যার ধারাবাহিকতায় আজ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত তরুণ সমাজ গঠন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।

























Leave a Reply