কবর জিয়ারত শেষে শিক্ষার্থীদের সাথে। ‘আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে’: ড. ইউনূস

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ আগস্ট ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
কবর জিয়ারত শেষে শিক্ষার্থীদের সাথে। ‘আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে’: ড.  ইউনূস

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ (১০ আগস্ট) শনিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। সেখানে কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস। এরপর দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মতবিনিময় করেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, আমরা মহাকাব্য পড়ে থাকি। আবু সাঈদ হলো সেই মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক কবিতা, গল্প ও সাহিত্য লেখা হবে। তোমরাও আবু সাঈদের মতো বড় স্বপ্ন দেখো। তোমাদের যে ক্ষমতা সেটা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তোমরা পাল্টে দিতে পারো। তাই পিছু হটবে না। আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছ।

আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছেন উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তার গুলি খাওয়ার যে ছবি মানুষ দেখলো, এরপর মানুষকে আর থামানো যায়নি। তোমরা দ্বিতীয় বিজয় এনে দিয়েছ। দেশের মানুষ এ বিজয়ের সুফল ভোগ করবে। এটা যেন ব্যর্থ না হয়’। এরপর তিনি শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন দাবি শোনেন এবং সেগুলো পূরণের আশ্বাস দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যান তিনি।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।