সরকারের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, পরিকল্পনা সচিব শরীফা খান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ জুন ২০২২, ২:৪৬ অপরাহ্ণ
সরকারের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, পরিকল্পনা সচিব শরীফা খান

সরকারের অর্থসচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন ফাতিমা ইয়াসমিন। এর মধ্য দিয়ে দেশ প্রথমবারের মত অর্থসচিব হিসেবে পেল একজন নারীকে। আগামী ১১ জুলাই থেকে তিনি অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ফাতিমা ইয়াসমিনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থসচিবের দায়িত্ব পালন করবেন।

এর মধ্য দিয়ে ফাতিমা ইয়াসমিন বিদায়ী অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। সরকার ইতোমধ্যে আব্দুর রউফকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে।

পৃথক আরেক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খানকে। তিনি ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা ফাতিমা ১৯৯১ সালের বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনের একটা লম্বা সময় অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন ফাতিমা ইয়াসমিন।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রথম নারী সচিব হিসেবে যোগ দেন ফাতিমা। এই দায়িত্ব পাওয়ার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক হিসেবেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ইআরডিতে থাকা অবস্থায় তিনি বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এডিবি ও আইডিবির সঙ্গে কাজ করেছেন।

অন্যদিকে ইআরডির নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়া শরিফা খান বিসিএসের ১৯৯১ ব্যাচের কর্মকর্তা। তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিশ্ব বাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

শরিফা ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.