প্রকাশিত হয়েছে সালেক খোকনের ‘সমতলের বারো জাতি’

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২০ জানুয়ারি ২০২২, ৩:১৪ অপরাহ্ণ
প্রকাশিত হয়েছে সালেক খোকনের ‘সমতলের বারো জাতি’

সমতলে বসবাসরত আদিবাসী জাতিগুলোর রয়েছে হাজার বছরের ঐতিহ্য। শত বাধা-বিপত্তি সত্ত্বেও তারা টিকে থাকার সংগ্রাম করছেন অবিরত। কালের প্রবাহেও তারা বজায় রেখেছেন তাদের সাংস্কৃতিক স্বকীয়তা। কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সালেক খোকনের নতুন গবেষণা গ্রন্থ-সমতলের বারো জাতি। সমতলের বারোটি জাতির ভাষা, সংস্কৃতি, আচার, মিথ, বিদ্রোহ-সংগ্রাম, উৎসব, সততা ও লোকবিশ্বাস সম্পর্কে পাঠককে ঋদ্ধ করবে এই গ্রন্থ।

সমতলের বারো জাতি গ্রন্থটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, লেখক ও গবেষক সালেক খোকন তৃণমূলের নৃগোষ্ঠী জাতিগুলো নিয়ে কাজ করছেন এক যুগেরও বেশি সময়ে ধরে। প্রায় তিন বছর পর প্রকাশিত হয়েছে তার এই নতুন গবেষণা গ্রন্থটি। এ গ্রন্থে লেখক নিংড়ে বের করে এনেছেন সমতলের বারোটি আদিবাসী জাতির নানা বিষয়। তাদের আলোকচিত্রসহ তিনি তুলে ধরেছেন কড়া, গারো, সাঁওতাল, মুসহর, তুরি, ভুনজার, মালো, কর্মকার বা লোহার, ডালু, হাজং, ওঁরাও ও মুণ্ডা আদিবাসীদের জন্ম, মৃত্যু, বিয়ের আচার, বসন-ভূষণ, জীবনযাপন পদ্ধতি, উৎসব, মিথসহ জীবনের নানা দিক। গ্রন্থটিতে জাতিগুলোর বিভিন্ন তথ্য তিনি তুলে ধরেছেন সরল গদ্যে, অত্যন্ত সুপাঠ্য রূপে, যা গবেষণা-সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে আমরা মনে করি।

সালেক খোকনের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৪টি। তাঁর রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করে।

তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী(কথাপ্রকাশ), আদিবাসী বিয়েকথা (কথাপ্রকাশ), ১৯৭১: বিজয়ের গৌরবগাঁথা (কথাপ্রকাশ), ৭১-এর আকরগ্রন্থ (কথাপ্রকাশ); অপরাজেয় একাত্তর (পেন্সিল পাবলিকেশন্স);, ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য (কথাপ্রকাশ); ১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা (কথাপ্রকাশ); ১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা (সময় প্রকাশন); ১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি (বেঙ্গল পাবলিকেশন্স); যুদ্ধাহতের ভাষ্য (কথাপ্রকাশ);, রক্তে রাঙা একাত্তর (পাঞ্জেরী পাবলিকেশন্স)।

সমতলের বারো জাতি- গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ১৩৬ পৃষ্ঠার গ্রন্থটির মলাট মূল্য ২৫০টাকা। পাওয়া যাবে সারা দেশের বই বিপণিগুলোতে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন