কুষ্টিয়ার মিরপুরে জাল ভোট দিতে এসে আটক, ৩ বছরের সশ্রম কারাদণ্ড
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোঃ শাহিন আলী (২৭)। তিনি মৃত আব্দুল মালিকার ছেলে। তার ঠিকানা নওদা গোবিন্দপুর, তালবাড়িয়া, মিরপুর, কুষ্টিয়া।
ঘটনাটি ঘটে তারবাড়ি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে (নওদা কল্যাণপুর, তালবাড়িয়া, মিরপুর, কুষ্টিয়া)। কেন্দ্র সূত্রে জানা যায়, মোঃ শাহিন আলী ব্যালট পেপার বক্সে জমা না দিয়ে সাদা কাগজ ব্যালট বাক্সে ফেলেন এবং মূল ব্যালট পেপার নিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন (৩) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
























