কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন অতিথিরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন শিক্ষার্থী, প্রতিবন্ধী ভুক্তভোগীরা চেক গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম অঙ্গীকার। এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিকে চেক পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ।
























