বাংলাদেশ তরিকত পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ তরিকত পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় ধলপুরে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বাদ আসর আয়োজিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা-মহানগরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের ভাইস প্রেসিডেন্ট শাহ সুফী আব্দুস সাত্তার মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ সুফী আলী রেজা পাহলভী হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ মিডু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলী আকবর শাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিলন পরদেশী, গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক শাহ সুফী বেলাল হোসেন, গাজীপুর মহানগর বিটিপির আহ্বায়ক সৈয়দ ইত্তেহাদুল আলী হায়দার, গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক শাহাজাদা সৈয়দ মনিরুল আলম হায়দারী, শাহ সুফী সাগর শাহ চিস্তি এবং শাহ সুফী নাসিরুদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম চিস্তি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ তরিকত পরিষদ একটি অরাজনৈতিক তরিকতপন্থী জাতীয় সংগঠন। আমাদের লক্ষ্য হলো দেশের সকল তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ করে আহলে বাইতের মাওলায়াত প্রতিষ্ঠা করা।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত সময়ে বিভিন্ন দরগাহ ও মাজারে সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দরগাহ-মাজার পুনর্গঠনের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শাহ সুফী আলী রেজা পাহলভী হায়দার বলেন, “এ দেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় অলি-আউলিয়াদের অবদান অনস্বীকার্য। দরগাহ ও মাজারগুলো ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এসব ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত।”

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শাহ সুফী আব্দুস সাত্তার মোল্লা দেশের সকল তরিকতপন্থী মানুষের মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই তরিকতপন্থীরা তাদের আদর্শ ও মূল্যবোধকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।