কুষ্টিয়া সদরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত: মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া সদর উপজেলার কুটিপাড়ায় মডেল মসজিদের সভাকক্ষে রবিবার (১০ মে ২০২৬) সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
পিএফজি অ্যাম্বাসেডর ও অধ্যাপক আব্দুল মান্নান বাদশাহ-এর সঞ্চালনায় পিএফজির সমন্বয়কারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জয়েন্ট সেক্রেটারি বিএনপির মোঃ মিরাজুল ইসলাম রেন্টু, মোঃ মেজবাউর রহমান, সাবেক কাউন্সিলর আতাউল গণি ওসমান, বনানি হাসান, ফারজানা ববি রুমা, সাবেক যুবদলের সভাপতি আবু জাফর মোঃ মতিন, মামুন অর রশীদ, খেলাফত মজলিশের ইব্রাহিম খলিল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির মোঃ হায়াত আলি। এছাড়াও স্থানীয় ছাত্রদল, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সম্প্রীতি রক্ষা, মাদক নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহ একযোগে কাজ না করলে সামাজিক অস্থিরতা প্রতিরোধ করা কঠিন হবে।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, পারিবারিক অবহেলা এবং নৈতিক শিক্ষার অভাব সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা এবং সামাজিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং মাদক ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও বলা হয়, পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক সংঘাত প্রতিরোধে নিয়মিত ফলোআপ কার্যক্রম পরিচালনা এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। আজকের এই সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের ভয়াবহতা এবং এর প্রতিকার নিয়ে নারী ও পুরুষ উভয়েই সোচ্চার কণ্ঠে আলোচনা করেন। বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক প্রতিরোধে পরিবার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে বলেন, সম্প্রীতি বজায় রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সামাজিক সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই।

























Leave a Reply