আফগানিস্তানে বৃহস্পতিবার, সৌদিতে শুক্রবার আর বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ পৃথিবীর আকাশে একটি চাঁদ। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে। সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে না পারায় ওখানে শুক্রবার ঈদ। এর ফলে সৌদিতে বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার থেকে শুরু হবে নতুন মাস শাওয়াল।
আর বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে, বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবা এ তথ্য জানান। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে কমিটির বৈঠক হয়।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে। ধর্মীয় তাৎপর্যের দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
























