শিক্ষা ক্যাডারে ২৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি, অধ্যাপক হলেন ৯৯৫ জন
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ শিক্ষা ক্যাডারে অবশেষে পদোন্নতি জট খুলেছে। একদিনে দুই হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এরমধ্যে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ৯৯৫ জন। আর সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন এক হাজার ৭১১ জন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ পদোন্নতির তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন যথাক্রমে উপসচিব মো. আব্দুল কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস।
সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদে দেওয়া পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেড (৪৩০০০-৬৯৮৫০ টাকা) বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়াদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে পূর্ববর্তী পদে (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ জন কর্মকর্তাকে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল (৫০০০০-৭১২০০ টাকা) বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।

























Leave a Reply