‘আবরার ফাহাদের লড়াই আমাদের সকলের প্রেরণার উৎস’ : কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধনে ক্রীড়া উপদেষ্টা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ মার্চ ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
‘আবরার ফাহাদের লড়াই আমাদের সকলের প্রেরণার উৎস’ : কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধনে ক্রীড়া উপদেষ্টা

“ফ্যাসিবাদী সরকার আবরার ফাহাদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছিল। তবে তা সম্ভব হয়নি, কারণ যাঁরা আত্মত্যাগ করেন, তাঁদের নাম কখনো মুছে ফেলা যায় না। আজ বাংলাদেশে প্রতিটি মানুষ আবরার ফাহাদকে স্মরণ করে, এবং তাঁর লড়াই আমাদের সকলের প্রেরণার উৎস।”

বৃহস্পতিবার ( ৬ মার্চ, ২০২৫) দুপুরে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের তরুণেরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের কাছ থেকে। আগ্রাসন থেকে মুক্তির জন্য এ দেশের তরুণেরা ঝাঁপিয়ে পড়েছে রাজপথে। অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি।’

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে ষড়যন্ত্র এখনও চলছে। দেশে বিভক্তি সৃষ্টির জন্য কিছু শক্তি চেষ্টা করছে, তবে আমাদের সরকার এ ধরনের প্রচেষ্টাকে কঠোরভাবে দমন করবে।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ভারত-বাংলাদেশ পানি চুক্তি এবং অসম চুক্তির বিরোধিতায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.