কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পাহাড়পুর কবরস্থানে দুইটি কবর থেকে কঙ্কাল চুরি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থানের সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় দুইটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কবরস্থানে মৃতদের স্বজন ও উৎসুক জনতা ভিড় করেন।
জানাগেছে, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী সারা খাতুন (৮৫)। তার মৃত্যুর মাসখানেক পর নাতি রাতুলের (১৪) মৃত্যু হয়। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে সারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে গিয়ে দেখেন তার মা ও ভাতিজার কবরের মাঝখানে কুয়ার মতো গর্ত করা। পাশাপাশি অবস্থিত দুইটি কবরের ভেতরে দেহাবশেষ নেই। পাশের ভুট্টাক্ষেতে পড়ে আছে দুইটি হাড়ের টুকরো ও একটি ট্রাউজার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি জানান, পুলিশ কবরস্থানের পাশের ভুট্টাক্ষেত থেকে দুই টুকরো হাড় ও একটি ট্রাউজার জব্দ করেছে।

























Leave a Reply