কলকাতায় অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, পুত্র ও শশুরের মর্মান্তিক মৃত্যু
নূর মোহাম্মদ রবিউল।। কুষ্টিয়ার সাংবাদিকতা জগতে নেমে এলো এক শোকের ছায়া। সবার প্রিয়মুখ, বিনয়ী, নম্র ও আপসহীন কলম সৈনিক সাংবাদিক দেবাশীষ দত্ত আর নেই।
ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশিস দত্ত (৩৯), তার তিন বছর বয়সী শিশু শর্ণশিষ দত্ত, স্ত্রী আফসানা শিম্মিন (২৭) ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।
দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া মডেল থানার মোহিনী মিল এলাকার আড়ুয়াপাড়ায়। তার বাবার নাম দিলীপ কুমার দত্ত।
নিহত দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে দেবাশীষ দত্ত তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ভারতে গিয়েছিলেন। তাঁরা টানা ১৩ দিন বেঙ্গালুরুতে অবস্থান করেন। এরপর ঘটনার একদিন আগে কলকাতায় এসে একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, তিন বছর বয়সী সন্তান এবং শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়, হোটেলে আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও একই পরিবারের চারজনের একসঙ্গে প্রাণহানির ঘটনায় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
























