কুষ্টিয়া ইবি’র নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শুক্রবার দুপুরে (১৫ মে,২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক মতিনুর রহমান বলেন, ‘আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। বর্তমান সরকার আমাকে এ দায়িত্ব পালনের যোগ্য মনে করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন সময়ে সেই লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটেছে। আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে নিতে। এ জন্য সবার সহযোগিতা চাই।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
অধ্যাপক মতিনুর রহমান ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদ অতিক্রম করে ২০০৮ সালে অধ্যাপক হন। দীর্ঘ শিক্ষকতা জীবনে অধ্যাপক মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অভিজ্ঞ নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এদিকে যোগদানের পর বিভিন্ন শিক্ষক সংগঠন, কর্মকর্তা- কর্মচারী সংগঠন, ছাত্র সংগঠন ভাইচ চ্যান্সেলর কে ফুলেল শুভেচ্ছা অভিষিক্ত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।

























Leave a Reply