কুষ্টিয়া সদর আসনের প্রচারে নতুন মাত্রা, স্বামীর জন্য ভোট চাইছেন বিদেশি স্ত্রী
কুষ্টিয়া-৩ (সদর) আসনের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের কাছে স্বামীর জন্য ভোট চাইছেন এক বিদেশি নারী। ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বললেও তার বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রামের নারী ও শিশুরা হাসি হাসি মুখে গ্রহণ করছেন। আসনটিতে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচারে এভাবে নতুন মাত্রা যোগ করেছেন তার বিদেশি স্ত্রী ওয়াং লিনা।
আজ শনিবার দুপুরে তিনি কাঞ্চনপুর ও রাতুলপাড়া এলাকা ঘুরে ভোটারদের বলছিলেন, ‘আমি বাংলা আস্তে আস্তে শিখায়, আমার মেয়ে-খালা, এরা শেখায়। আমার হাসবেন্ড ভালো মানুষ, ইঞ্জিনিয়ার বুয়েট। আমার হাসবেন্ড ধানের শীষ, ভোট দিন।’
ওয়াং লিনা বলেন, গ্রামের মানুষ খুব বন্ধুভাবাপন্ন। তারা আমার নাম, আমি কী খেয়েছি, কখন এসেছি সব জানতে চায়। প্রচারে আসতে ভালো লাগছে।
এক বৃদ্ধা বলেন, ঘর থেকে শুনলাম জাকিরের বউ আসছে। তাই দেখতে এলাম। খুব ভালো বউ, হাসি মুখে কথা বলে।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ওয়াং লিনার মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে গেছে। সে বিদেশি হলেও আমাদের শিল্প-সংস্কৃতি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। এতে প্রচারে নতুন মাত্রা এসেছে। ওয়াং লিনা ২০১১-১২ সাল থেকে বাংলাদেশে বসবাস করছেন এবং বর্তমানে স্বামীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তদারকিও করছেন।

























Leave a Reply