কুষ্টিয়ায় চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো র্যাব
চুরি যাওয়া শিশুটি মায়ের কোলে
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া তিন দিনের নবজাতক আরিয়ান ইসলাম নুরনবীকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে র্যাব।
এদিকে শিশুটিকে চুরির অভিযোগে পলিয়ারা খাতুন (২২) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে নবজাতক ওই শিশুটিকে উদ্ধার করে র্যাব। সোমবার এ বিষয়ে মিডিয়া ব্রিফের আয়োজনের কথা জানানো হয়েছে কুষ্টিয়া র্যাব-১২ এর পক্ষ থেকে।
আর উদ্ধারের পরের রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকটি নানির কোল থেকে চুরি হয়।
জানা গেছে, এই ঘটনায় গ্রেফতার পলিয়ারা খাতুন দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তার স্বামী হানিফ কাতার প্রবাসী। এই দম্পতির কোনো সন্তান নেই।
নবজাতক শিশুটির নানা সাঈদ আলী জানান, গত বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে তিন দিন বয়সী ওই ছেলে নবজাতককে হাসপাতালের অন্য রোগীর স্বজন পরিচয় দিয়ে প্রথমে শিশুটিকে কোলে নেন অভিযুক্ত ওই নারী। পরে সুযোগ বুঝে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান।
নবজাতকের পিতা দিপু ইসলাম বিজয় সন্তানকে ফিরে পেয়ে জানান, রাতে আমার ছেলেকে ফিরে পেয়েছি। আমরা অনেক খুশি, যা ভাষায় প্রকাশের না। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আমরা শিশুটিকে পেয়েছি, র্যাব রাতে উদ্ধার করে হাসপাতালে দিয়ে গেছে। আমরা অনেক খুশি। শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও খুব চিন্তিত ছিলাম। বাচ্চা ও মা উভয়ই ভালো আছে।

























Leave a Reply