বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে
কাতারের কাছে আরও ১ মিলিয়ন টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতারের কাছে বার্ষিক আরও ১ মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রোববার (৫ মার্চ) স্থানীয় সময় সকালে দোহায় কাতার জাতীয় কনভেনশন সেন্টারে কাতারের আমিরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ করেন।
পরে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্র মন্ত্রী জানান, কাতারের আমিরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধের পরে আমাদের এনার্জির বড় সমস্যা হয়েছে। আমরা আরও বেশি জ্বালানি চাই। এখন বাংলাদেশ কাতার থেকে বছরে প্রায় ৪০ কনটেইনার জ্বালানি, অর্থাৎ ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন আমদানি করে। যেটা আমরা নিচ্ছি সেটা আমরা নবায়ন করবো। সেই সঙ্গে আমরা আরও বেশি এলএনজি চাই।
আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তরিক ভাবে সাড়া দিয়ে কাতারের আমির জানতে চেয়েছেন বাংলাদেশ আরও কত চায়। আমরা বলেছি আমরা আরও ১ মিলিয়ন মেট্রিক টন চাই, আরও ১৬-১৭ কনটেইনার।
এছাড়াও ইউএনডিপির প্রশাসক বলেন, তারা বাংলাদেশকে নিয়ে গর্ব করেন। বাংলাদেশ অন্য দেশগুলোর জন্য মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রামে নাগরিক সুবিধা প্রদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন অচিম স্টেইনার।
জাতিসংঘের ন্যাশন্স কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) এর সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিন্সপ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনসিটিএডি এর কাছে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বাণিজ্য বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা চান।
এসব বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি-৫) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া বাংলাদেশ, লাওস এবং নেপালের যৌথ আয়োজনে “২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর” শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে শনিবার (০৪ মার্চ) কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

























Leave a Reply