চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ
স্বজনদের আহাজারি আর ছুটোছুটি চমেকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ভেতর উদভ্রান্তের মতো ছুটোছুটি করছেন লোকজন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস। কেউ নিখোঁজ স্বজনদের খুঁজছে কেউ মরদেহ শনাক্ত করছেন।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে ফায়ার ফাইটারসহ ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে চমেকে ভর্তি আছেন শতাধিক। এছাড়া চট্টগ্রামের অন্যান্য হাসপাতালে আরও শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
রবিবার (৫ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বেলা সোয়া ১১টা পর্যন্ত মোট ৩৭ জনের মরদেহ মার্গে এসেছে।
রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর রাত থেকে আমরা এখানে কাজ করছি। লাশের সংখ্যা আরও বাড়তে পারে।
রবিবার (৫ জুন) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ডিপোতে থাকা দাহ্য রাসায়নিক (হাইড্রোজেন পার অক্সাইড) যাতে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন ঘটনাস্থল থেকে বলেন, আগুন ও ছড়িয়ে পড়া কেমিক্যাল নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ১৫০-২০০ সদস্যের একটি দল ঘটনাস্থলে আসছে।
তিনি অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে মালিকপক্ষের কাউকে পাচ্ছি না। মালিকদের পেলে আমরা জানতে পারতাম কোন কনটেইনারে কী আছে। এটা আমাদের জানা নেই। এজন্য উদ্ধার কাজে আমাদের বেগ পেতে হচ্ছে।
এদিকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ সুলতানা বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান, রাসায়নিক যাতে সবদিকে ছড়িয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীর শতাধিক সদস্য কাজ করছেন। আশপাশে কোনো নালা আছে কি-না তাও খুঁজে দেখা হচ্ছে। এ সব রাসায়নিক যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালান হচ্ছে।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের বিশেষ টিম কাজ করছে। কনটেইনারগুলোতে যেহেতু কেমিক্যাল আছে, সেজন্য ঢাকা থেকে ফায়ারের ২০ সদস্যের হেজবোর্ড টিম আনা হচ্ছে। তারা বিদেশ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

























Leave a Reply