বিশিষ্ট নাট্যকার ও ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’ পত্রিকার সম্পাদক খাদেমুল ইসলাম আর নেই

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ জুলাই ২০২৬, ২:০২ অপরাহ্ণ
বিশিষ্ট নাট্যকার ও ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’ পত্রিকার সম্পাদক খাদেমুল ইসলাম আর নেই

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বিশিষ্ট নাট্যকার ও কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী খাদেমুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর৷
শুক্রবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের মিলপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্রসন্তানসহ ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ তার দুই ছেলেমেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী৷

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং কুষ্টিয়া পৌরসভার তৎকালীন জনপ্রিয় কমিশনার ও প্যানেল চেয়ারম্যন মরহুম আব্দুল আজিজ মিয়ার ১১ সন্তানের মধ্যে খাদেমুল ইসলাম ছিলেন তৃতীয় সন্তান এবং দ্বিতীয় পুত্র৷

আশির দশকে কুষ্টিয়ার নাট্যাঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মরহুম খাদেমুল ইসলাম৷ ‘বটতলার মোড়ে’, ‘আর কত দিন’, ‘কাফনের আর্তনাদ’সহ অসংখ্য জনপ্রিয় মঞ্চনাটকের নাট্যকার তিনি৷ দীর্ঘদিন সুনামের সঙ্গে প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন৷ কুষ্টিয়া প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, রাইফেলস ক্লাব, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালন একাডেমীসহ বহু সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন৷ কুষ্টিয়ার আল-ইকরা জামে মসজিদের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি৷

মরহুমের জানাজার নামাজ (শুক্রবার) বাদ এশা শহরের চাউলের বর্ডারস্থ আল-ইকরা জামে মসজিদে অনুষ্ঠিত হবে৷ জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।