বীমা খাতে বড় সংস্কারের পথে আইডিআরএ ও ইউএনডিপি, মাইক্রোইনস্যুরেন্সে আসছে অভিন্ন নিয়ন্ত্রক কাঠামো
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বীমা সুরক্ষা আরও সহজলভ্য ও কার্যকর করতে অভিন্ন মাইক্রোইনস্যুরেন্স রেগুলেটরি ফ্রেমওয়ার্ক প্রণয়নে যৌথভাবে কাজ শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার আইডিআরএ কার্যালয়ে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সঙ্গে ইউএনডিপির একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের মাইক্রোইনস্যুরেন্স খাতের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্কার এবং একটি সমন্বিত ও আধুনিক নীতিমালা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে মাইক্রোইনস্যুরেন্সের জন্য পৃথক ও সমন্বিত কোনো নিয়ন্ত্রক কাঠামো না থাকায় খাতটি নীতিগত অনিশ্চয়তার মধ্যে পরিচালিত হচ্ছে। ফলে এ খাতের সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সম্প্রসারণ ও কার্যকারিতা অর্জন সম্ভব হয়নি।
তিনি জানান, প্রস্তাবিত অভিন্ন নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, সমবায়ভিত্তিক উদ্যোগ, তাকাফুল এবং অন্যান্য বিদ্যমান মাইক্রোইনস্যুরেন্স মডেলকে একটি সুসংহত ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রক ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে প্রান্তিক, নিম্ন আয়ের এবং আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আরও সহজে বীমা সুরক্ষার আওতায় আসতে পারবে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
বৈঠকে উভয় পক্ষই অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার বিকাশে মাইক্রোইনস্যুরেন্সের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি কার্যকর, টেকসই ও সময়োপযোগী নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
সংশ্লিষ্টরা আশা করছেন, আইডিআরএ ও ইউএনডিপির এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মাইক্রোইনস্যুরেন্স খাতে নতুন গতি সঞ্চার হবে এবং লাখো প্রান্তিক মানুষের জন্য বীমা সেবা আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হয়ে উঠবে।
























