কুষ্টিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই অটোরিকশা চালক জাকারিয়া সরকার (৪০) এবং খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮)। এ ছাড়া এক নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে যাত্রীবাহী অটোরিকশাটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে পথেই মারা যান।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, কুষ্টিয়ার সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিহত প্রতিটি পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.