দেশের চার হাজার ৬৫৩টি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের নির্বাচনের প্রস্তুতির যাত্রা!

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
দেশের চার হাজার ৬৫৩টি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের নির্বাচনের প্রস্তুতির যাত্রা!

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ চলতি বছরই দেশের চার হাজার ৬৫৩টি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে। ফলে এসব প্রতিষ্ঠানের নির্বাচনের যাত্রা এ বছরই অনুষ্ঠিত হতে পারে। তবে এসব নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। সংসদের সবুজ সঙ্কেত পেলেই দ্রুততম সময়ের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছে।

তারা জানান, বিদায়ী অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছিল। তবে বিষয়টি স্থায়ী রূপ দিতে জাতীয় সংসদেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে মোট চার হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ২০২৬ সালে নির্বাচন উপযোগী হবে তিন হাজার ৭৫৫টি এবং ২০২৭ সালে ৩৪৯টি। এ ছাড়া বর্তমানে ভেঙে দেয়া ১২টি সিটি করপোরেশন, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ এবং ৩৩০টি পৌরসভা এখনই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

ইসি সংশ্লিষ্টরা জানান, চলতি বছর এবং আগামী বছরের মধ্যেই এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। সুশাসন, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নাগরিক সেবা নিশ্চিত করতে হলে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে নির্বাচনী সহিংসতা যেমন কমবে, তেমনি জনমতের সঠিক প্রতিফলন ঘটবে।

এর আগে, ২০২৪ সালে দায়িত্ব নেয়ার পর সদ্য বিদায়ী ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার জেলা পরিষদ, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচিত সভাগুলো ভেঙে দেয়। যদিও ইউনিয়ন পরিষদ (ইউপি) আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয়া হয়নি, তবে মতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা আত্মগোপনে থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে মাঠপর্যায়ের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই এখন নির্বাচিত নেতৃত্ব শূন্য।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.