ভারতের আসামে ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যালে রাষ্ট্রীয় অতিথি
সব মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, চাকরি ভুল পথে নিয়ে যায়: ড. ইউনূস
সব মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, চাকরি হলো তাকে ভুল পথে নিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের এক কোটি দরিদ্র নারী ঋণগ্রহীতা যদি উদ্যোক্তা হতে পারেন, তাহলে যে কোনো মানুষেরই উদ্যোক্তা হতে পারার কথা। কিন্তু আমরা মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দিই না। তাদের চাকরি খোঁজার পথে ঠেলে দিই।’
গত ২৭ ফেব্রুয়ারি ভারতের আসামের স্বায়ত্বশাসিত বোডোল্যান্ড অঞ্চলের প্রশাসনিক সদরদপ্তর কোকরাঝারে অনুষ্ঠিত বোডোল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ড. ইউনূসকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানান। ফেস্টিভ্যালে আসামের ১০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।
ড. ইউনূস বলেন, ‘নারীদের উদ্যোক্তায় পরিণত করে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা সমাজের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিটি সরকারেরই লক্ষ্য হওয়া উচিত মানুষকে উদ্যোক্তায় পরিণত করা, চাকরিতে নয়। দরিদ্র নারীদের উদ্যোক্তায় রূপান্তরিত করতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।’
নলেজ ফেস্টিভ্যাল উদ্বোধন করেন স্বায়ত্বশাসিত বোডোল্যান্ড অঞ্চলের প্রথম প্রধান নির্বাহী প্রমোদ বোরো। তিনিই ড. ইউনূসকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানান। তিনদিনের এ সফরে ড. ইউনূস পশ্চিমবঙ্গ ও আসামে অবস্থান করেন। নলেজ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আসাম রাজ্য পরিষদের স্পিকার বিশ্বজিৎ দাইমারী, প্রতিমন্ত্রী ইউজি ব্রক্ষ্ম প্রমুখ। শুক্রবার (৩ মার্চ) ‘ইউনূস সেন্টার’ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

























Leave a Reply