বীমা খাতের উন্নয়ন ও গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল আলোচনা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দেশের বীমা খাতের উন্নয়ন, নীতিগত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘Towards a Stronger and Sustainable Insurance Industry: The Way Forward’ শীর্ষক গোলটেবিল আলোচনা।
১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহিদুল জাহিদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (BIA) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি।
গোলটেবিল আলোচনায় দেশের বীমা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, প্রয়োজনীয় নীতিগত সংস্কার, গ্রাহকস্বার্থ সংরক্ষণ এবং একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বীমা শিল্প গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বীমা খাতের পেশাজীবী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
একটি আস্থাশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব বীমা খাত গড়ে তুলতে নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও শিল্পসংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংলাপ দেশের বীমা খাতের সংস্কার ও টেকসই উন্নয়নের পথকে আরও সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
























