বৈষম্যহীন সমাজ গড়তে নারী ও কন্যা শিশুর অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ জুন ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
বৈষম্যহীন সমাজ গড়তে নারী ও কন্যা শিশুর অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

“বৈষম্যহীন সমাজ গড়ি, প্রান্তিক নারী ও কন্যা শিশুর অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার ঢেপখালি মিশন বিদ্যালয়ে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের উদ্যোগে নারী ও কন্যা শিশুর অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী, রাজনৈতিক প্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন দিলরুবা পারভীন, সমন্বয়কারী, ওয়েভ, বাঘারপাড়া। স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিশুদের ছোটখাটো বিরোধকে বড়দের সংঘাতে রূপ দেওয়া উচিত নয়। পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
সভা পরিচালনা করেন ইকরামুল কবির মিঠু, সমন্বয়কারী, পিএফজি, বাঘারপাড়া। তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে কন্যা শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, পিস অ্যাম্বাসেডর, পিএফজি, বাঘারপাড়া বলেন, মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বের বিকাশ ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। নারী ও কন্যা শিশুর মর্যাদা এবং অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি গ্রাম পুলিশ মনোজ বিশ্বাস নারীদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বিষ্ণুপদ চৌধুরী, ওয়ার্ড সেক্রেটারি, বিএনপি, নারী ও কন্যা শিশুদের কল্যাণে রাজনৈতিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি উত্তম কুমার মণ্ডল ও মাধবী মণ্ডল উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মীরা বিশ্বাস, ওয়েভ সদস্য, বাঘারপাড়া।
অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে মো. আশরাফুজ্জামান, ফিল্ড কোঅর্ডিনেটর, এমআইপিএস প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বলেন, “বৈষম্যহীন সমাজ গড়ি, নারী ও কন্যা শিশুর অধিকার নিশ্চিত করি” এবং “মর্যাদা ও অধিকারের পথে, আমরা সবাই একসাথে”—এই লক্ষ্য বাস্তবায়নে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি কন্যা শিশুদের শিক্ষা, নিরাপত্তা, অধিকার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সনাতন ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রায় ৭০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা কন্যা শিশুদের শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন