বাঘারপাড়ায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২০ আগস্ট ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
বাঘারপাড়ায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর): রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এফসিডিও-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত তিন মাসের বিভিন্ন সহিংস পরিস্থিতি পর্যালোচনা, পিএফজির স্ব-মূল্যায়ন এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মো. মোস্তাক মোশের্দ এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী মো. ইকরামুল কবির মিঠু। উপস্থিত ছিলেন বিএনপি মহিলা দলের নেত্রী দিলরুবা পারভিন, পিস অ্যাম্বাসেডর ও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রণয় কুমার বিশ্বাস, মো. শফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, খ্রিষ্টান প্রতিনিধি উত্তম কুমার মন্ডল, শিক্ষক বিনয় কুমার, আদিবাসী নেতা প্রহল্লাদ কুমার বাগচি, তহমিনা খাতুন, সাংবাদিক হুমাউন কবির, সাঈদ ইবনে হানিফ, প্রদীপ বিশ্বাস এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামানসহ পিএফজির অন্যান্য সদস্য।
সভায় জেন্ডার এক্সপার্ট শারমিন সুলতানা লাবন্য জেন্ডার ও সেফগার্ডিং বিষয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত ও ফিডব্যাক গ্রহণ করেন। পিএফজির স্ব-মূল্যায়ন কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেন এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জবেদ। তাঁর নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ মো. মোস্তাক মোশের্দের পরিচালনায় স্ব-মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং এতে পিএফজির সদস্যরা মতামত প্রদান করেন।
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনায় মানববন্ধন ও র‌্যালি আয়োজন, চৌরাস্তার মোড়ে ‘সম্প্রীতির কর্নার’ স্থাপন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সম্প্রীতি ও শান্তির পক্ষে প্রচারণা পরিচালনার বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়।
এ সময় সভায় উপস্থিত পিএফজি সদস্যরা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা ও বিভাজন প্রতিরোধ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তারা গুজব, উসকানি ও যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি জোরদারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. মোস্তাক মোশের্দ বলেন, “পিএফজি সর্বদলীয় একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তাই এখন থেকেই মাঠপর্যায়ে বিভিন্ন সম্প্রীতিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন