কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগমের সভাপতিত্বে বুধবার (৫ আগস্ট,২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তৃারা বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। সভায় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক, শহিদদের আত্মত্যাগ এবং দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে শহিদদের আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং জাতীয় ইতিহাসকে তাদের সৃজনশীল শিল্পকর্মে তুলে ধরে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ সিনিয়র শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
























