শারীরিক অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ জুলাই ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
শারীরিক অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। সাংবিধানিক বিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, গত সপ্তাহের শেষ দিকে পদত্যাগের সিদ্ধান্ত নেন মো. সাহাবুদ্দিন এবং সে সময়ই পদত্যাগপত্র প্রস্তুত করা হয়। তবে স্পিকার দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়া সম্ভব হয়নি।
রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে ইসলামী ব্যাংকের শীর্ষপদে অধিষ্ঠিত থাকাকালে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।