মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ জুলাই ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২১ জুলাই ২০২৬ তারিখে তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সম্প্রীতি অলিম্পিয়াড ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর ওয়াইপিএজি (YPAG)-এর আয়োজনে, এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিহাব হাসান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ইসরাত জাহান ইসরা এবং গীতা পাঠ করেন শোভা হালদার। এরপর ওয়াইপিএজি সদস্যদের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মেহেরপুর সদর ওয়াইপিএজি-এর কো-অর্ডিনেটর রাজিয়া সুলতানা। তিনি বলেন, ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের সম্প্রীতি অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সহনশীলতা এবং পারস্পরিক সম্মানবোধই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নতুন প্রজন্ম যদি সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও ঐক্যবদ্ধ, মানবিক ও শান্তিময়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেকেন্দার আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান ফেরদৌস, মো. সোহরাব হোসেন, কে এম খসরু পারভেজ, মো. সিরাজ উদ্দিন, পিস অ্যাম্বাসেডর সাইয়্যেদাতুন নেসা নয়ন, সুমী বিশ্বাস, ওয়াইপিএজি সদস্য সবুজ ইসলাম, গোলাম রাব্বি, সুমাইয়া শিমু, মুন্নি খাতুন, মহিমা আক্তার, কুহেলি খাতুন, সঞ্চিতা হালদার এবং মুজিবনগর উপজেলা ওয়াইপিএজি-এর কো-অর্ডিনেটর মো. রিয়াজ শেখ।
সম্প্রীতি অলিম্পিয়াডের মূল আকর্ষণ ছিল সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। কুইজ প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিএফজি অ্যাম্বাসেডর ও মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন।
সম্প্রীতি অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসরাত জাহান ইসরা, দ্বিতীয় স্থান অর্জন করেন ইফ্ফাত আবৃতা আভা এবং তৃতীয় স্থান অর্জন করেন সামিহা রেজা।
অনুষ্ঠানের সভাপতি মো. সিরাজ উদ্দিন সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে উগ্রবাদ ও অসহিষ্ণুতা পরিহার করে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের হাতে বিতরণ করা গাছগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সম্প্রীতি অলিম্পিয়াড ও বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন