বৈষম্যহীন সমাজ গড়তে নারীর ক্ষমতায়নের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
“বৈষম্যহীন সমাজ গড়ি, প্রান্তিক নারীর অধিকার নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ জুলাই ২০২৬ তারিখে মেহেরপুরের কালীগাংণী দাশপাড়ায় নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের উদ্যোগে জাতিগত দৃষ্টিকোণ থেকে নারীর ক্ষমতায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও (FCDO)-এর অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী, সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ সমন্বয়কারী সুমী বিশ্বাস এবং সঞ্চালনা করেন সহসমন্বয়কারী ফিরোজা আক্তার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি আসমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমতি মালা দাশ, আফরোজা আক্তার কাকলি এবং পিস অ্যাম্বাসেডর সাইয়্যেদাতুন নেসা নয়ন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুলা খাতুন, বিউটি খাতুন, পলি আক্তার বেদানা, মমতাজ খাতুন মম, সালমা খাতুনসহ নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ, স্থানীয় নারী নেত্রী, সামাজিক সংগঠক, যুব প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।
সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নারী নেতৃত্ব বিকাশে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দাশ সম্প্রদায়সহ সকল প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীরা এখনও শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক মর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে এসব নারীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, তাদের নেতৃত্ব বিকাশে সুযোগ সৃষ্টি করা এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জাতিগত ও সামাজিক পরিচয়ের কারণে কোনো নারী যেন বৈষম্য, অবহেলা বা সহিংসতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
























