কুষ্টিয়া কর কমিশনারের কার্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২১ জনের সরকারি চাকরি মিললো
নূর মোহাম্মদ রবিউল।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবস্থাপনায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা নিয়ে গঠিত বৃহত্তর কুষ্টিয়া কর অঞ্চলের সুযোগ্য কর কমিশনার মোঃ মহিদুল ইসলামের সহায়তায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২১ জন কর অঞ্চল কুষ্টিয়া অফিসে চাকরি পেলেন। কর অঞ্চল অফিসের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিয়ে এখন জেলা জুড়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে ইতিবাচক নানা আলোচনা।
সরকারি চাকরি যেন অনেকের কাছেই সোনার হরিণের মতন। আর সেই কাঙ্ক্ষিত চাকরিতে এবার জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-কুষ্টিয়া অফিসে নিয়োগ পেয়ে যোগদান করেছেন মেধা এবং নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে ১২১ পরিবারের সন্তানেরা। যোগদানের পরপরই প্রার্থীরা খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
কোনো প্রকারের ঘুষ, তদবির কিংবা সুপারিশ নয়-সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর অঞ্চল কুষ্টিয়া অফিসে ৬টি পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১২১ জন চাকরি প্রত্যাশী। চাকরি পেয়ে আজ তাদের চেহারা ও হৃদয়ে জুড়ে খুশিতে মাতোয়ারা। আর তাদের পরিবারের মাঝে বহিছে এক মহাআনন্দের মধুর বন্যা।
উৎকোচ কিংবা তদবির ছাড়ায় সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে সবাই অফিসের স্বস্ব দপ্তরের পদে যোগাদান করেন। যাদের লাগেনি কোন বাড়তি টাকা কিংবা হাইপ্রোফাইল সুপারিশ। নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন মোটরবাইকার, কৃষক, দিনমজুর, ভ্যানচালক, মৎসচাষী এবং গরীব ঘরের সন্তানরা।
এদিকে সোমবার (৬ জুলাই, ২০২৬) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে যোগদান করা ৬টি পদে নব নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা ও কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বৃহত্তর কুষ্টিয়া কর অঞ্চলের (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা) কর কমিশনার মোঃ মহিদুল ইসলাম বলেন, ‘সরকারি নিয়োগে স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। এই লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা বৃদ্ধি এবং মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতেই ছিল আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার কর্মশালা’।
তিনি আরও বলেন, ‘লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ফলাফলের উত্তীর্ণদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে অফিসে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে কর অঞ্চল কুষ্টিয়া অফিসের কাজের গতিবৃদ্ধি ও আগামী পরিসরে আরও জোরদার হবে’।
সভায় এ-সময় জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ পরিচালনা কমিটির প্রতিনিধিগণ, কর অঞ্চলের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও সদ্য নিয়োগপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
























