কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২ জুলাই ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

নূর মোহাম্মদ রবিউল।। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়াতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও নজরুল আমাদের অন্যতম প্রধান দিশারী। আমাদের জীবন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তার রচনায় মহিমাময় সৌন্দর্যে প্রকাশিত হয়েছে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা তিনি আজও দিয়ে চলছেন। তার প্রাসঙ্গিকতা কখনো ফুরাবে না। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার উৎস। এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের সঙ্গে জাতীয় কবির সম্পর্ক আরও গভীর ও নিবিড় করতেই নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ শুরু হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি, সাম্যবাদী চেতনা এবং গৌরবময় সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে এই ‘নজরুল বর্ষ’।

দেশজুড়ে একযোগে উদ্বোধনের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া হলো সংস্কৃতির রাজধানী। মহাত্মা লালন সাঁই ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এই কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনাও অত্যন্ত প্রখর। ‘নজরুল বর্ষ’ সফল করতে জেলা প্রশাসন বছরব্যাপী নানাবিধ শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করবে।
এ সময় ​জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক:(সার্বিক) মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠান ঘিরে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত একবছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতঃপর ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে সরকার প্রজ্ঞাপনও জারি করেন। এ ঘোষণা আগামী বছরের ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর তা চলতি বছরের ২৫ মে থেকে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।