ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপে কুষ্টিয়ার নেতৃবৃন্দ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপে কুষ্টিয়ার নেতৃবৃন্দ

ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপে কুষ্টিয়ার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। কুষ্টিয়া, মেহেরপুর ও যশোর এই তিন জেলার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার (২৭ জুন,২০২৬) সকাল দশটা থেকে যশোর আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে এই সংলাপ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, আঞ্চলিক (প্যান) ও পিএফজি কুষ্টিয়ার সমন্বয়কারী এবং মালিথা ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, সুজন-সুশাসনের জন্য নাগরিক কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যাপক আবু হেনা মো. গোলাম রসুল বাবলু, কুষ্টিয়া জেলা ঈমাম সমিতির সভাপতি ও ধর্মীয় বক্তা মুফতি মাওলানা মোঃ আব্দুল হান্নান, কবি ও কলামিস্ট নূর মোহাম্মদ রবিউল, বিএনপি নেতা ফারজানা ববি রুমা, ওয়াইপিএজি সদস্য শাহী, তানজিল, ফারিহা, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কুষ্টিয়ার নেতা মুহাঃ আব্দুল আলিম, সনাতন ধর্মগুরু ও গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ-এর প্রধান রতন লাল মৈত্র,শিক্ষক নেতা হামিদুর রহমান বকুল, সুজন-সুশাসনের জন্য নাগরিক কুষ্টিয়া জেলার সম্পাদক মোঃ আব্দুল মান্নান বাদশা, কুষ্টিয়া সদরের হিন্দু বৌদ্ধ খৃষ্টাব্দ কল্যাণ ফ্রন্টের আহবায়ক অলোক অধিকারী সহ আগত জেলার ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আয়োজনে সংলাপের শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত, গীতাপাঠ, বাইবেল পাঠ করা হয়। এরপর অংশগ্রহণকারী সবাই একসাথে দাঁড়িয়ে দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।

সংলাপে বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ইমাম, পুরোহিত, পাদ্রী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও তরুণদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্থানীয় পর্যায়ে নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি বিষয়ক কার্যক্রম পরিচালনার সুপারিশ করেন। এছাড়াও বক্তারা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি সমন্বয় সভাগুলোতে নিয়মিত সম্প্রীতির বিষয়টি আলোচনায় আনা সহ একই সঙ্গে গুজব প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।