শবে বরাতের রাতে মুসলমানরা নামাজ, কোরআন তিলাওয়াত, মাজার-কবর জিয়ারত, দোয়া মাহফিলসহ বিভিন্ন ইবাদত পালনে মশগুল হন
পবিত্র শবেবরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, মাজার-কবর জিয়ারত, দোয়া মাহফিল, জিকির, ক্ষমাপ্রার্থনার মোনাজাত, আত্মীয়স্বজন-প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন ইবাদত পালনে মশগুল হন।
আজ (১৪ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। শব ফারসি শব্দ, অর্থ রাত। বরাত শব্দটি আরবি, অর্থ মুক্তি। শবেবরাত মানে মুক্তির রাত। ক্ষমার রজনী। আরবি ১২ মাসের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবেবরাত বলা হয়। আরবিতে এ রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। মানে শাবান মাসের মধ্য এ রাতে মহান আল্লাহতায়ালা অসংখ্য মানুষকে গোনাহ মাফ করেন। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে মাহে রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া–রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হয় এবং তা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে মাজার, কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে।
পবিত্র শবে বরাত সম্পর্কে হাদিসে আছে:-
আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বর্ণনা করেন–‘একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এতো দীর্ঘ সেজদা করেন যে, আমার ধারণা হলো- তিনি হয়ত মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে, আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না- হে আল্লাহর রাসুল। আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসুল ভালো জানেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)। আল্লাহ তায়ালা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।’ (শুআবুল ঈমান, বায়হাকি: ৩/৩৮২-৩৮৩; তাবারানি: ১৯৪)
এই রাতের ফজিলত সম্পর্কে হজরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাতে (শবেবরাতে) আল্লাহ তায়ালা তার সৃষ্টিজগতের প্রতি মনোযোগ দেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৫৬৬৫; মুসনাদুল বাজ্জার, হাদিস : ২৭৫৪, আল মুজামুল আওসাত, হাদিস : ৬৭৭৬; আল মুজামুল কাবির, হাদিস : ২১৫; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৩৯০; মুসন্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৩০৪৭৯, শুয়াবুল ঈমান, হাদিস : ৬২০)
এই রাত সম্পর্কে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘পাঁচটি রাত এমন আছে, যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৪ তারিখ রাত, দুই ঈদের রাত। ’ (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস : ৭৯২৭)
ওমর ইবনে আবদুল আজিজ রহিমাহুল্লাহ আদি ইবনে আরতাতের উদ্দেশ্যে লেখেন, ‘বছরের চারটি রাত তুমি অবশ্যই লক্ষ্য রাখবে। কেননা সেসব রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়—রজবের প্রথম রাত, শাবানের ১৪ তারিখ রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। ’ (আত-তালখিসুল হাবির, ইবনে হাজার : ২/১৯১)
এ দিন রাতে ইবাদত করে পরদিন রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে। এ বিষয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘১৫ শাবানের রাত (১৪ তারিখ দিবাগত রাত) যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত-বন্দেগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো।’ (ইবনে মাজাহ, হাদিস, ১৩৮৮)

























Leave a Reply