হযরত খাজা দেওয়ান আহাম্মদ কওছার আলী শাহ(রঃ)এঁর ৮৫তম ওরশ মোবারক

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৭ এপ্রিল ২০২২, ১১:৫৩ অপরাহ্ণ
হযরত খাজা দেওয়ান আহাম্মদ কওছার আলী শাহ(রঃ)এঁর ৮৫তম ওরশ মোবারক

ওলি-আউলিয়াগণ তাওহীদের সাগরে নিমজ্জিত থাকেন অতঃপর মহান আল্লাহ তায়া’লার প্রতি আসক্ত হয়ে তাঁরই ধ্যানে নিমগ্ন থাকেন। তাইতো আল্লাহর অলীদের আনুগত্য করা ওয়াজিব। আল্লাহর অলি-আউলিয়াগণের সংস্পর্শে থেকে আমল-সাধনা, ধ্যান-জ্ঞান চর্চার মধ্যদিয়ে সাধারণ মানুষ ইহকালে নিজেকে মহৎ ও সত্যের উপর প্রতিষ্ঠিত করতে এবং পরকালের মুক্তির সাফল্যের স্রোতধারায় পৌঁছাতে পারে।

বাংলাদেশে এমনই অনেক ওলি-আউলিয়াগণের মধ্যে মহান সূফী সম্রাট হযরত খাজা দেওয়ান আহাম্মদ কওছার আলী আল-চিশতী নিজামী ওরফে জিন্দাশাহ(রঃ) একজন। এবার এই মহান ওলির ৮৫ তম বাৎসরিক মহা পবিত্র ওরশ মোবারক। বাংলাভাষায় লেখা সূফীতত্ত্ব বিষয়ক প্রকাশিত জনপ্রিয় বই ‘নেয়ামতে খোদা’-এর লেখক হযরত দেওয়ান আহমদ কওছার আলী চিশতী ওরফে জেন্দা শাহ(রঃ)। তিনি হলেন হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমেরী(রঃ) সেলসেলার ও হযরত খাজা নিজাম উদ্দীন আউলিয়া(রঃ) গোরোর একজন মহান ওলি। প্রতি বছরে ন্যায় ২৪শে চৈত্র (৮ই এপ্রিল,২০২২ইং) শুক্রবার ৮৫ তম বাৎসরিক মহা পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা শরীফ কলাহাটা দরগাহে (আস্তানা) প্রতিবারের মত এবারও মাজার কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওরশ মোবারক উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব থেকে পবিত্র কোরআন তেলওয়াত ও মিলাদ মহাফিল এবং রাত ৩ ঘটিকা হইতে সেজরা শরীফ ও ফাতেহা পাঠ, সেহরি ও তবারক বিতরণ অনুষ্ঠিত হবে। এদিকে মহা পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণে বসছে বিভিন্ন দোকানপাট ও গ্রামীণ মেলা। তবে আজ ৮ই এপ্রিল শুক্রবার থেকে ১৪শে এপ্রিল পর্যন্ত সাতদিন ব্যাপি গ্রামীণ মেলা ও নানান খণ্ডকালীন সব অনুষ্ঠান চলমান থাকবে। নিয়মিত এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হবে এই অনুষ্ঠান। সকল দর্শনার্থীদের উন্মুক্ত অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানিয়েছেন মাজার কমিটি।

এদিকে ভারত, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন স্থানের ন্যায় হযরত দেওয়ান আহমদ কওছার আলী চিশতী ওরফে জেন্দা শাহ(রঃ)র প্রথম খলিফা মানিকগঞ্জ মাচাইন শরীফের হযরত খাজা সোলেমান আলী শাহ আল চিশতী(রঃ)এঁর প্রধান খলিফা কুষ্টিয়ার আধ্যত্মিক সাধক হযরত খাজা আবুল হোসেন শাহ আল চিশতী(রঃ)এঁর অনুরাগী, আশেকান, আধ্যত্মিক সিদ্ধ আলেমগন আনুষ্ঠানিক ভাবে মানিকগঞ্জ ঝিটকা শরীফে অংশগ্রহন করছেন।

উল্লেখ্য, এই মহান ওলীর আবির্ভাব ক্রমবয়ঃসিক ধারা, কর্মজীবন, গবেষণা, সূফীত্ত্বের মুল্যবান দলিল সমূহ এবং সর্বপরি তাঁর জীবনের প্রাপ্ত সমুদয় তথ্যাবলী হতে জানা যায়, মহান সূফী সম্রাট হযরত খাজা দেওয়ান আহাম্মদ কওছার আলী আল চিশতী নিজামী(রঃ)এঁর নাম তাঁর ভক্তবৃন্দের কোন এক ভালবাসা ও সত্যের কারনে জিন্দাশাহ নামে কদর করে ডেকে আসছেন। আজও সেই চির নাম উজ্বল, চির ভাস্বর। এই মহান আল্লাহর ওলি ঝিটকা শরীফ কলাহাটা জন্মগ্রহণ করেন। কর্মজীবন তিনি তাঁর হুজুরের আদেশে কলিকাতা কোর্টে কিছুদিন পাঙ্খাপুলার হিসেবে কর্মরত ছিলেন।পরে তিনি তাঁর ওস্তাদের নির্দেশে বাংলাদেশে এসে বাকীজীবন ইসলামের সত্যের বাণী প্রচার করে যান।

লক্ষণীয়ঃ যারা আল্লাহর ওলি বা বন্ধু তাদের মর্যাদা অনেক বেশি। আর ওলিদের ওপর মহান আল্লাহ সব সময় সন্তুষ্ট থাকেন। পবিত্র কুরআনুল কারিমে ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন-
أَلا إِنَّ أَوْلِيَاء اللّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
সাবধান! জেনে রেখ, যারা আল্লাহর বন্ধু; তাদের না কোনো ভয়-ভীতি আছে, আর না তারা চিন্তান্বিত হবে।’ (সুরা ইউনুস : আয়াত ৬২)।
আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা নেই বলে পুরস্কারও ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরো বলেন-
لَهُمُ الْبُشْرَى فِي الْحَياةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
তাদের জন্য দুনিয়ার জীবন ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ। আল্লাহর কথার কখনো রদবদল হয় না। এটাই হল মহা সফলতা।’ (সুরা ইউনুস : আয়াত ৬৪)।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।