কেশবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
কেশবপুর (যশোর): এফসিডিও-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের আওতায় কেশবপুর প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশনে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আলাউদ্দিন আলা এবং সঞ্চালনা করেন মো. মুনছুর আলী, পিএফজি সমন্বয়কারী, কেশবপুর, যশোর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জু মনোয়ারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর।
সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আলাউদ্দিন আলা, সভাপতি; আঞ্জু মনোয়ারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; মো. জাকির হোসেন, পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর; মাওলানা আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ; কার্তিক রায়, সভাপতি, পূজা উদযাপন কমিটি ও প্রচার সম্পাদক, বাজার কমিটি; সম্রাট, আহ্বায়ক, এনসিপি, কেশবপুর; মোতাহার হোসেন, সাংবাদিক ও পিস অ্যাম্বাসেডর; অধ্যাপক মিজানুর রহমান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ; আব্দুর রহমান, ইমাম; মো. কামাল হোসেন, ইউপি সদস্য; নাজমা সুলতানা, ইউপি সদস্য, কেশবপুর সদর ইউনিয়ন; কানাই লাল ভট্টাচার্য; এবং পাপড়ি দত্ত, সাধারণ সম্পাদক, লোকজ একাডেমি, কেশবপুর।
বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা ও শক্তিশালী করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও দুর্গাপূজাকে সামনে রেখে গুজব, অপপ্রচার এবং ভুল বোঝাবুঝি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং সহনশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে। যুব সমাজকে সম্প্রীতি প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ তৃণমূল পর্যায়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।
বক্তারা গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা ও অসাম্প্রদায়িক মনোভাবের চর্চার মাধ্যমে সংঘাতমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ব্যক্তি ও দলের ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে পারলে সম্প্রীতি বজায় রাখা আরও সহজ হবে।
সমাবেশের শেষ পর্বে পাপড়ি দত্ত, সাধারণ সম্পাদক, লোকজ একাডেমি, কেশবপুর সম্প্রীতির গান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
























