সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা ও মাদক প্রতিরোধে কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ জুন ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা ও মাদক প্রতিরোধে কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা ও মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের চিলিস ফুড পার্কের সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু হেনা মো. গোলাম রসুল বাবলুর সভাপতিত্বে মূল আলোচনা উপস্থাপন করেন এরিয়া কোঅর্ডিনেটর এস. এম. রাজু জবেদ। এ-সময়ে উপস্থিত ছিলেন পিএফজি সমন্বয়কারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, বিএনপির প্রবীণ সদস্য মো. মিরাজুল ইসলাম রেন্টু, পিস অ্যাম্বাসেডর মো. আসাদুজ্জামান, জাসাস নেতা ইমরান আহম্মেদ সঞ্জু, মো. মামুনুর রশিদ, কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য মো. রাজীউদ্দীন আহমেদ, গৌরাঙ্গ সংঘের প্রধান রতন লাল মৈত্র, ওলামা জামায়াতের সেক্রেটারি উজ্জ্বল আজমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
সভায় গত ত্রৈমাসিকের কার্যক্রম ও সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এ সময় কুটিপাড়া এলাকায় অনুষ্ঠিত পিস ইভেন্টের ইতিবাচক প্রভাব তুলে ধরে জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান এবং আতাউল গণি ওসমান বলেন, উক্ত কার্যক্রমের ফলে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা বেড়েছে এবং চরাঞ্চলে প্রকাশ্যে মাদক বিক্রির প্রবণতা কমেছে।
আলোচনায় অংশগ্রহণকারীরা মাদক প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। গৌরাঙ্গ সংঘের প্রধান রতন লাল মৈত্র জানান, তাদের সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা। তিনি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দেন।
সভায় জানানো হয়, বিভিন্ন এলাকায় দ্বন্দ্ব নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মাদকাসক্ত এক ব্যক্তিকে স্বাবলম্বী করতে ওষুধের দোকান স্থাপনে সহযোগিতা করার বিষয়টি প্রশংসিত হয়।
সভায় বড়িয়া বটতৈল, কুটিপাড়া, চর আমলাপাড়া ও হরি নারায়নপুর এলাকায় নতুন পিস ইভেন্ট আয়োজন এবং সর্বধর্মীয় সম্প্রীতি প্ল্যাটফর্ম গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে আবু হেনা মো. গোলাম রসুল বাবলু বলেন, “মাদক সমস্যার মূল উৎস চিহ্নিত করে সেখানে কাজ করতে হবে। পিস ইভেন্টগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কার্যকর মতবিনিময়ের ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গঠন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নান বাদশা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাঠ সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।