ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়া: শিক্ষামন্ত্রী
নূর মোহাম্মদ রবিউল।। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এটিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। পরবর্তীতে মালয়েশিয়ায় ওআইসির উদ্যোগে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
শনিবার (১ আগস্ট,২০২৬) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, তারেক রহমানের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সরকার এই বছর শিক্ষা খাতে ২ শতাংশ বাজেটে দিয়েছেন। যেখানে গত বছর বাজেট ছিল মাত্র ২৭ হাজার কোটি টাকা। এই বছর আমরা পেয়েছি এক লাখ ৩৭ হাজার কোটি টাকা।
নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। জীবনের এই সময়টিকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। এ সময়ই তোমাদের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে এবং দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ প্রমূখ।
























